প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ের একটি চলন্ত স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে একজন নারী এবং আটজন পুরুষ। আগুনের হাত থেকে রক্ষা পেতে কিছু যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়তে বাধ্য হন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মহোবা যাওয়ার সময় যমুনা এক্সপ্রেসওয়ের নোয়ডা-আগ্রা রুটের ৩৩ কিলোমিটার এলাকায় বাসটিতে আগুন লাগে। ওই সময় বাসের ভেতরে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী উপস্থিত ছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, আগুন লাগার পূর্বে বাসের চালকের কেবিন থেকে পোড়া গন্ধ অনুভব করেন কয়েকজন যাত্রী। তারা বিষয়টি চালক ও কনটাক্টরকে জানান, কিন্তু অভিযোগ রয়েছে যে তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। যাত্রীদের অভিযোগ, চালক বাস থামিয়ে বিষয়টি পরীক্ষা না করে কেবিনে বসে বিড়ি-সিগারেট পান করতে থাকেন।
কিছুক্ষণ পর চালকের আসনের কাছে আগুন জ্বলে ওঠে। যাত্রীরা বাস থামানোর জন্য চিৎকার করলেও প্রথমে চালক ও কনটাক্টর বাস থামাতে অস্বীকৃতি জানান এবং যাত্রীদের হুমকি দেন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে এবং আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কেবিন ঘন ধোঁয়ায় ভরে যায়। পরে অভিযোগ উঠেছে যে চালক ও কনটাক্টর বাস ছেড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন ও যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান।
এক যাত্রী জানান, তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে তাকে জাগানো হয়। বাসের ভেতর তখন প্রচণ্ড ধোঁয়া ছিল এবং বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আতঙ্কের মধ্যে কোনোমতে বাস থেকে বেরিয়ে আসেন তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় সুনীল কুমার নামে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন