প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ আজ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ, এবং তিনি সোমবারেই হাওড়া আদালতে প্রেরিত হয়েছেন।
নিজের সহকারীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন শ্রাবন্তী। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, এবং অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে নিজের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা এবং তিনি একটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ওই একই সংস্থায় অভিযোগকারী তরুণীও কর্মরত। অভিযোগ, গত ১২ এপ্রিল সোমবার ওই তরুণী অভিযুক্তের চ্যাটার্জিহাটের বাড়িতে গেলে তাকে সেখানে ধর্ষণ করা হয়। ঘটনার বেশ কিছুদিন পর, গত ২৭ জুন, ওই তরুণী চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি ধৃত যুবক।
আদালতে অভিযুক্তের আইনজীবী অবশ্য ঘটনার দিন এবং অভিযোগ দায়েরের মধ্যবর্তী দীর্ঘ সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, অভিযুক্ত এবং অভিযোগকারী দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু। গত ১২ এপ্রিলের ঘটনার পর কেন ২৭ জুন থানায় যাওয়া হলো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশি তদন্তে সব সত্যি সামনে আসবে এবং তার মক্কেল জামিন পাবেন বলে আশা প্রকাশ করেন। আদালত ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে।
এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শোরগোল পড়ে গেছে। বিতর্ক এড়াতে এবং নিজের অবস্থান স্পষ্ট করতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে একটি নির্দিষ্ট সংস্থা তার সমস্ত কাজের শিডিউল ও ইভেন্ট দেখাশোনা করবে। অভিযুক্ত যুবক মূলত ওই সংস্থারই একজন কর্মী, এবং প্রতিষ্ঠানের তরফে তাকে অভিনেত্রীর ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
শ্রাবন্তী লিখেছেন, তিনি জানতে পেরেছেন যে ওই যুবকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। তার ব্যক্তিগত জীবনের বিষয় সম্পর্কে বিশেষ কিছু না জানলেও পুরো ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। তাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
পাশাপাশি, সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ওই কর্মীকে তাদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বরখাস্ত করা হয়েছে।
সূত্র: টিভি৯ বাংলা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন