প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাট, ২৮ নভেম্বর, ২০২৬ : পুলিশ জেলায় ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুলফিকার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে জাল নোটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলোর মধ্যে ৫০০ টাকার ৩০০টি এবং ২০০ টাকার ১৩০টি নোট রয়েছে। এ ছাড়া, তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলম নামে আরেকজনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বাসসকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনলাইনের মাধ্যমে সারা দেশে জাল টাকার নোটের কারবার করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পুলিশের অভিযান এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্রেফতার হওয়া দুজন ছাড়াও এ চক্রে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন