প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ২১ নভেম্বর, ২০২৬ : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোলার আকাশে ঘন কালো মেঘের ছায়া পড়েছে, সেইসাথে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
জেলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, কালাবাদর নদী ও বঙ্গোপসাগর স্বাভাবিকের তুলনায় উত্তাল থাকায় জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং নৌপথের যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিপদ দেখা দিয়েছে, যাঁরা কাজে বের হতে পারছেন না।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হলেও জীবিকার তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকারে নামছেন।
এছাড়া, এই অসময়ের বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন দপ্তরটির ভোলা বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ।
তিনি বাসসকে জানান, নদী বন্দরগুলোতে সংকেত জারির পাশাপাশি মাছ ধরার সমস্ত ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান আজ বেলা ১২টায় বাসসকে জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে জেলার উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এখনো জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর ও সমুদ্র এলাকাগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবের ভোলার পার্শ্ববর্তী উপকূলীয় অন্যান্য জেলাগুলোর দৃশ্য ও পরিস্থিতি কার্যত একই অবস্থায় বিরাজমান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসব জেলার অধিকাংশ জেলেরা তাদের মাছধরা ট্রলারগুলো তীরে নিরাপদ দূরত্বে এনে বেঁধে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি নেওয়া আছে এবং ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যেই দুর্বল হয়ে গেছে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন