প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার দুপুরে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আব্দুল রাজ্জাক উপজেলার সফিপুর গোল্ডেন সিটি এলাকার প্রফেসর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার সকালে ওই ভবনের সামনে এক শিশু খেলাধুলা করছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।
রোববার দুপুরে হঠাৎ এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে। এ সময় তাকে গণধোলাই দেওয়ার অভিযোগও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা শরিফ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন