প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে মাদক। যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।
মন্ত্রী বলেন, যদি সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যায়, তাহলে এই যুবসমাজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে।
আজ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করার লক্ষ্যে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে নানামুখী কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি’ এবং 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর আয়োজন করা হয়েছে।
অভিভাবকদের প্রতি সন্তানের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করার জন্য বিশেষ আহ্বান জানান মন্ত্রী।
দুই দিনব্যাপী কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলে প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। সমাপনী পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন