প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা প্রদানের লক্ষ্যে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মো. মাহিদ খানের নেতৃত্বে শুরু হতে যাচ্ছে।
প্রাথমিকভাবে নোওর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য বাসে রাউটার স্থাপন করা হবে। ইতোমধ্যে এই উদ্দেশ্যে রাউটার সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং দূর-দূরান্তের শিক্ষার্থীরা প্রতিদিন বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজের অভাব কিংবা নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহার করতে সমস্যায় পড়েন। এই বিষয়টি মাথায় রেখে যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রাথমিকভাবে স্পন্সর এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নির্ধারিত ছয়টি বাসে রাউটার স্থাপন করা হবে। প্রতিটি বাসে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী ওয়াই-ফাইয়ে সংযুক্ত হতে পারবেন। জরুরি প্রয়োজনে থাকা শিক্ষার্থীদের জন্য সহজে ইন্টারনেট সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনা করে এই সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম মাসের ইন্টারনেট খরচ জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান নিজেই বহন করবেন। পরবর্তী সময়ে ইন্টারনেট ব্যবহারের ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের দ্বারা বহন করার পরিকল্পনা রয়েছে।
জকসুর নির্বাচনি ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালুর বিষয়টি উল্লেখ ছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহিদ খান।
এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ খান বলেন, "যাদের জরুরি প্রয়োজন নেই, তাদের ওয়াই-ফাই ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এতে প্রয়োজনের সময় ইন্টারনেট দরকার এমন শিক্ষার্থীরা সংযোগ পাওয়ার সুযোগ পাবেন।" কোনো বাসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে ওয়াই-ফাইয়ের সক্ষমতা বৃদ্ধি করা যাবে। তবে, এতে মাসিক খরচও বাড়বে এবং অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের বহন করতে হবে।
তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থীর মাসে ৪০ থেকে ৫০ টাকা খরচ হলেও যাতায়াতের সময় প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা পাওয়া গেলে শিক্ষার্থীদের উপকার হবে।" বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে বাসে যাতায়াত করেন। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে সব বাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক স্যার আমাকে অনেক সহযোগিতা করছেন।
এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, "কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ট্র্যাকিংয়ের জন্য জিপিএস স্থাপন করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে বাসগুলোতে রাউটার স্থাপন করা হচ্ছে। মূলত মাহিদের উদ্যোগেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।" এতে আশানুরূপ ফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সব বাসে এই সুবিধা চালু করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন