প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের সময় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দফায় আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামে বোরহান উদ্দিন মিজি ও সরাফত আলী সরকারের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে সরাফত আলী সরকারের পক্ষের লোকজন অস্ত্রের মহড়া দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে একাধিক ককটেল, একনালা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আবারও সংঘর্ষের সম্ভাবনা থাকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে বোরহান মিজি পক্ষের জাহাঙ্গীর মিজি, শরিফ মিজি, আরিফ মিজি, কবির মিজি, শেফালী বেগম ও পপি বেগম রয়েছেন। সরাফত আলী সরকারের পক্ষের আহতরা হলেন আলমগীর বেপারী, রবিন, দুলাল, সাব্বির বেপারী, আক্তার বেপারী ও দিলা দেওয়ান। তাদের মধ্যে জাহাঙ্গীর, রবিন এবং দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এই ঘটনায় উভয় পক্ষই রোববার সন্ধ্যায় সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রামবাসীদের মতে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বোরহান মিজি পক্ষ ও সরাফত আলী সরকারের পক্ষের মধ্যে বিরোধ চলছে। রবিবার সকালে বোরহান মিজি ও তার গং বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের করেন। এই সময় সরাফতের পক্ষের লোকেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বোরহান মিজিদের ওপর হামলা চালায়। বোরহান মিজির লোকজন প্রতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমীন বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ৫ থেকে ৭ জন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোরহান মিজির ছেলে শরিফ মিজি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখল করতে সরাফত সরকার গং হামলা, মামলা ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। রবিবার সকালে নিজেদের জায়গায় ঘর নির্মাণের সময় সরাফত সরকার পাশের গ্রামের আলমগীর ও দিলাদের ভাড়া করে এনে হামলা চালায়। তারা বন্দুক দিয়ে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তার ভাই জাহাঙ্গীর মিজিকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা হয়ে তার প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হয়। তিনি বলেন, ‘আমরা আহত হয়েছি সেই খবর পেয়ে ছোট ভাই রাজীব মিজি ঘটনাস্থলে এলে তাকেও পুলিশ আটক করে নিয়ে যায়। এখন আমরা সরাফত গংদের ভয়ে এলাকায়ও যেতে পারছি না।’
অভিযোগের বিষয়ে সরাফত আলী সরকারের মতামত, তারা কারও ওপর হামলা করেননি। বরং দাবি করেন যে বোরহানরাই তাদের ওপর হামলা করেছেন এবং তাদের রেকর্ডভুক্ত জমি দখল করার চেষ্টা করছিলেন। রবিবার সকালে জমির গাছপালা কেটে জোর করে দখল করতে গেলে তাদের বাধা দেয়া হয়। তখন বোরহান মিজির লোকজন হামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন