প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।’ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ৮৮টি দলের (জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) রেকর্ড ৬১৬ শাটলার।
পুরুষ প্রতিযোগীদের মধ্যে ৫৩৫ জন এবং নারী শাটলারের সংখ্যা ৮১ জন। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে আগামী ২৮ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের ভেন্যুতে এক সংবাদ সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল এই তথ্য জানান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি এবং সহযোগী হিসেবে রয়েছে জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই কমিউনিকেশন লিমিটেড।
দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানার আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্স আপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্স আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকবে একটি ইলেকট্রিক বাইক।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার অংশগ্রহণ নিশ্চিত। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন এবং রানার আপ উর্মি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন