প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শুরুর সময় প্রায় ৪ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন অডিটোরিয়ামে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, কুরআন, অনুপ্রেরণামূলক বইসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নিবন্ধন কোড সংগ্রহ করে অনুষ্ঠানে প্রবেশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু অল্প কিছু সংখ্যক পড়ার সুযোগ পায়। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সবাইকে পড়াশোনায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে দেখতে চান।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হলো দেশের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে নিরাপদ ঠিকানা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিবির আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
প্রধান আলোচকের বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের উচিত এখন থেকেই নিজেদের গড়ে তোলা। ভবিষ্যতে কোথায় নিজেদের দেখতে চান, তার লক্ষ্য ঠিক করা উচিত। তিনি বলেন, নিজের অধ্যয়নরত বিষয়ে গভীর ধারণা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন স্বপ্নগুলো যেন বিনষ্ট না হয়। তিনি একটি নতুন প্রজন্ম গড়ে তোলার কথা বলেন, যে প্রজন্ম ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে সর্বোচ্চ নিয়োজিত রাখবে।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি মন্তব্য করেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। শিক্ষিত যুবকদের সঠিকভাবে কাজে লাগানো হয় না, ফলে তারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মস্থান হিসেবে বিদেশকে বেছে নেয়। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই দলীয়করণ থেকে বের হয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মেহেদী হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রায় ৪ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন