প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তথ্য বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো প্রকাশ করেছে। অভিযোগের পর রবিন দাসকে তার কাউন্টি দল এসেক্স কর্তৃক সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
অভিযোগ গঠনের মাত্র দুই দিন আগে, চলতি মৌসুমে ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে এসেক্সের হয়ে রবিন দাস তার প্রথম ও একমাত্র ম্যাচ খেলেছিলেন।
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়ার্থাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের তদন্তে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগী নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন বলেও জানানো হয়েছে।
এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব রবিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, "চুক্তিবদ্ধ একজন পুরুষ ক্রিকেটার ক্লাবের বাইরের একটি ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন।" শুরু থেকেই এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাবটি।
ক্লাবটি আরও জানায়, আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা সম্ভব নয়। একই সঙ্গে তাদের সুরক্ষা ও মানবসম্পদ-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সব সদস্যকে পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে রবিন দাসের। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি আলোচনায় আসেন। একই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্সের স্কোয়াডেও রবিন ছিলেন।
রবিন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তার বাবা বাংলাদেশি, যিনি ইংল্যান্ডে স্থায়ী হওয়ার আগে সিলেট বিভাগের সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রবিন দাস খেলেছেন। ২০২৩ সালের আসরে তাকে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। তবে ওই আসরে দুটি ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হন তিনি।
রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে দোষী সাব্যস্ত নন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন