প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় 'ফিন বাংলা অ্যাপারেলস' নামক একটি কারখানার নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর আড়াই শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। পরে ওই নারী শ্রমিক নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশকে জানান যে, তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেদিন দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কিছু বহিরাগত ব্যক্তি তাদের বাধা দেয়। এ নিয়ে কারখানার ভেতরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) নামের এক শ্রমিক সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে উপস্থিত শ্রমিকদের সহযোগিতায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। গুজবের খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে দিলরুবা নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানায় যান। তিনি পুলিশের কাছে নিজের সুস্থ থাকার বিষয়টি জানান এবং দুপুরের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ গুজবের নেপথ্যের কারণ এবং বহিরাগতদের বাধার বিষয়টি খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন