প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র সুমন শেখ হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না; উল্টো মামলা তুলে নিতে মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে, আসামিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাল্টা অভিযোগ উঠেছে।
নিহত সুমন শেখ (২৪) আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন সুমন।
জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত ২৬ জুন সন্ধ্যায় মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কাশিয়ানী যাওয়ার পথে বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ির সামনে হামলার শিকার হন সুমন। ওই এলাকার হোসাইন শেখ ও তার সহযোগীরা সুমনের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহত সুমনের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বোন সরজানা বেগম বলেন, ‘হত্যাকারী হোসাইন এলাকায় মাদকের ব্যবসা করতো। আমার ভাই তাকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের পর এখন মোবাইলে হুমকি-ধামকি দেয়া হচ্ছে মামলা তুলে নিতে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ছেলের মৃত্যুর ১২ দিন পার হলেও স্বাভাবিক হতে পারছেন না বাবা আলাউদ্দিন শেখ ও মা শেফালী বেগম। ছেলের ছবি হাতে নিয়ে দেখছেন আর কান্না করছেন। কৃষক আলাউদ্দিন শেখ অভাব-অনটনের মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। ছেলে সুমনও উচ্চশিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়ে বাবার কষ্ট দূর করার স্বপ্ন দেখতেন। সামনেই তার ডিগ্রি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল, সে ফরম পূরণও করেছিলেন। কিন্তু পরীক্ষার হলের বদলে তাকে চলে যেতে হয়েছে চিরনিদ্রার ঠিকানায়।
নিহতের বাবা আলাউদ্দিন শেখ অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে হোসাইনসহ তার সহযোগীরা। ১২ দিন পার হলেও আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’
মা শেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বুকের মানিককে ওরা আমার কাছ থেকে কেড়ে নিছে। আমার ছেলের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছে না। আমার ছেলের কত স্বপ্ন ছিল আমাদের নিয়ে, সেই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আমার সুমন চলে গেছে ১২ দিন হলো, এখনও আসামিদের ধরতে পারেনি পুলিশ। ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে আসামিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আসামিদের স্বজনরা। গত কয়েকদিনে ৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি তাদের।
আসামিপক্ষের স্বজনরা জানান, তাদের ৯টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ঘরের সব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়িতে থাকা নারী সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুট করে নেয়া হয়েছে। ভয়ে তারা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছেন।
আরেক গৃহবধূ বলেন, ‘মামলা হয়েছে, যদি আমার স্বজনরা হত্যাকাণ্ডে জড়িত প্রমাণিত হয়, তবে আদালত তাদের বিচার করবে। কিন্তু এভাবে বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, এটা কী হচ্ছে! আমাদের সবকিছু নিয়ে গেছে। ঘরে অসুস্থ প্রবীণ সদস্য রয়েছেন, হামলার দিনে তারা ভয়ে আরও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। নারীদের গলা, কান থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা কোথায় যাব, কোথায় অভিযোগ দেব?’
তবে আসামিপক্ষের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করেছেন মামলার বাদী ও নিহত সুমনের বড় ভাই শামীম শেখ। তিনি বলেন, ‘আসামিপক্ষ নিজেরাই তাদের বসতবাড়ি ভাঙচুর করে মালামাল সরিয়ে নিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের কোনো লোকজন হামলা-ভাঙচুর-লুটপাটের সাথে জড়িত নেই।’
তিনি আরও বলেন, ‘একটা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে কিছু সুবিধাবাদী মানুষ থাকে যারা এ ধরনের লুটপাট করে। আসামিপক্ষের লোকজনই বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে।’
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, তারা মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে এজাহারনামীয় ৮ নম্বর আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া যদি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে থাকে, তবে তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন