প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
তানিয়া আক্তার তাপসী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে তিনি ভাইরাল হন।
পুলিশের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করে আটক করেন এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এদিকে, গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কিছু মামলা রয়েছে, যা তদন্তাধীন। তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন