প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা অসৎ উপায়ের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে আয়োজিত পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, পলাতক দোসররা নিজেদের পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে জীবন বিপন্ন করছে। তিনি এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "এই অন্যায়ের বিচার যেমন মহান সৃষ্টিকর্তা করবেন, তেমনি এ দেশের জনগণ ও বঞ্চিত কর্মীরাই এর বিচার নিশ্চিত করবে।" তিনি আরও বলেন, "যদি সৎ সাহস থাকে এবং নিজেদের নির্দোষ মনে করেন, তবে দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন।"
হাটহাজারীতে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি চান না উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, "কোনো দরিদ্র ঘরের সন্তান যেন অনর্থক হয়রানির শিকার না হয়।" তিনি সকলকে আহ্বান জানান, এসব চিহ্নিত অপরাধীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। তিনি জানান, "আমরা আপনাদের পুনর্বাসনে সহায়তা করব।" তবে তিনি সতর্ক করেন যে, পলাতক ও পরাজিত শক্তির পেছনে হেঁটে কোনো লাভ হবে না।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, "তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, মহান রাব্বুল আলামিন ছাড়া আর কারও পক্ষে তা রুখে দেওয়া সম্ভব নয়।"
আওয়ামী দোসর ও ৭১-এর পরাজিত শক্তির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, "যারা ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ৭১-এর পরাজিত শক্তির বক্তব্যের হুবহু মিল রয়েছে।" তিনি জানান, "তাদের স্বপ্ন যে অলীক, তা তারা বুঝতে পারছে না।" প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—"কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটের মাধ্যমে নয়।"
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ও বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন।" তিনি উল্লেখ করেন, "ঠিক এমন মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪-এর পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।" তারা হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল ও ভিডিও বানিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, "জনগণকে সাথে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।"
ব্যারিস্টার মীর হেলাল দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।"
ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে এবং জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন