প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এই তথ্য রবিবার বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রকাশ করেছেন।
বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায়।
শরিফুল ইসলাম জানিয়েছেন, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বিজিবির তরফে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করে জানায়, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা জানুয়ারি মাসে হাতে পাবেন। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, তৈরি পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, যা পরের মাসে কার্যকর হয়। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ চলতি নভেম্বরে শেষ হবে। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যেখানে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন