প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি ছাত্র-জনতার রক্তে রঞ্জিত ইতিহাস ও পলাতক আসামির দণ্ড মাথায় নিয়ে সীমান্তের ওপারে বসে দিল্লির মদদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন কর্মসূচি দেশের সাধারণ মানুষের দ্বারা ঘৃণাভরে প্রত্যাখ্যাত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল পরিসরে কিছু প্রচার-প্রচারণা ছাড়া রাজপথ বা জনজীবনে এই কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রধান মহাসড়ক, নৌপথ, বন্দর, শিল্পাঞ্চল, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত প্রাঙ্গণে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত কর্মযজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অবস্থানে দেশজুড়ে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে।
বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, ভারতীয় প্রক্সি গোষ্ঠী গণহত্যাকারী আওয়ামী লীগ বিগত দেড় দশক ধরে ক্ষমতায় আঁকড়ে থেকে রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে যে মাফিয়াতন্ত্র ও দুঃশাসন কায়েম করা হয়েছিল, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে তার অবসান ঘটেছে। এরপর একটি নজিরবিহীন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভারতের নীলনকশা বাস্তবায়নে ও দেশকে অস্থিতিশীল করতে দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে থাকা পতিত ও নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তবে দেশের সচেতন জনতা ষড়যন্ত্রকারীদের এই দেশবিরোধী অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর এবং লকডাউনের নামে কোনো অরাজকতাকে প্রশ্রয় দেয়নি। সকাল দশটা পর্যন্ত দৈনিক ইনকিলাব প্রতিনিধিদের সারাদেশ থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনগুলো নিচে তুলে ধরা হলো :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল, দোকানপাট খোলা। দেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপেক্ষা করে দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল চোখে পড়ে।
দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি দোকানদার সোহান জানান, প্রতিদিনের মতোই তারা স্বাভাবিকভাবে দোকান খুলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা বা বাড়তি চাপ তাদের মধ্যে নেই। গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা আরিফ বলেন, অন্যান্য দিনের মতোই ক্রেতারা স্বাভাবিকভাবে ফল কিনছেন এবং গৌরীপুর স্টেশন সংলগ্ন হাইওয়ে সড়কে যানবাহনের চলাচল ও যানজটের চিত্রও প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে।
ইলিয়টগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা মিজান স্পষ্টভাবে বলেন, লকডাউনের লেশমাত্রও তাদের এলাকায় দেখা যায়নি। মানুষ নিজ নিজ কাজে বের হয়েছেন এবং জনজীবন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম গাড়ির চালক সজল জানান, স্বাভাবিক গতিতেই তিনি ঢাকা থেকে গৌরীপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে এসেছেন; পথে কোনো ধরনের সমস্যা বা বাধার সম্মুখীন হননি। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকচালক আনিস বলেন, কোথাও কোনো অবরোধ বা প্রতিবন্ধকতা পাননি; অন্যান্য দিনের মতোই নির্বিঘ্নে গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল প্লাজায় এসে পৌঁছেছেন।
ব্রাহ্মণপাড়া-বুড়িচং সড়কে স্বাভাবিক গতি, বাড়ানো হয়েছে টহল। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণপাড়া-বুড়িচং সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, পিকআপসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিসগামী ও কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে গণপরিবহনে করে নিজ নিজ কর্মস্থলে রওনা হন। সড়কের পাশের দোকানপাট সকাল থেকেই খোলা থাকায় ব্যবসা-বাণিজ্যে কোনো স্থবিরতা দেখা যায়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো তৎপরতা চোখে পড়েনি। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জে কর্মচঞ্চল পরিবেশ, কঠোর নিরাপত্তা বলয়। শিল্প ও বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন জেলা নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই দূরপাল্লার বাস চলাচল করেছে। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে ঘর থেকে বের হয়েছেন নগরবাসী। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন, উৎসব, মমিতা পরিবহন এবং সাইনবোর্ড থেকে অনাবিল পরিবহন সার্ভিসও আগের মতোই সচল রয়েছে।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হচ্ছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় ৪ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যাঁদের অনেকে আগে থেকেই শিল্পাঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানান, লকডাউন ঘিরে জেলার সাতটি থানায় প্রায় সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানান, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নিয়েছেন।
ঢাকা-আরিচা, পাটুরিয়া মহাসড়ক ও নৌরুটে স্বাভাবিক চলাচল। মানিকগঞ্জের শিবালয়সহ ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকালে লকডাউন উপেক্ষা করে এসব মহাসড়কে গণপরিবহন, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। একই সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট সার্ভিসও স্বাভাবিক রয়েছে। জনমনে তেমন কোনো প্রভাব পড়েনি এবং লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ এলাকায় দেখা যায়নি।
শিবালয় থানার তদন্ত ওসি মো. মিনহাজ উদ্দিন জানান, পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে পুলিশ টহল দিচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জে স্বাভাবিক জনজীবন, সক্রিয় বিএনপি ও পুলিশ। মানিকগঞ্জেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউনের কোনো প্রভাব পড়েনি। জেলার সার্বিক জনজীবন স্বাভাবিক রয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে। শহরের স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম চলেছে এবং আদালত প্রাঙ্গণেও অন্যান্য দিনের মতোই মানুষের উপস্থিতি ছিল। ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।
যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে দেখা গেছে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গাজীপুরে সাড়া মেলেনি লকডাউনে, কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে গাজীপুরে মানুষের কোনো সাড়া মেলেনি। সকাল থেকে প্রতিদিনের মতোই দোকানপাট খোলা ছিল এবং যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। তবে ভোর ও সকালের দিকে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসে।
টাঙ্গাইল-গাজীপুর সড়কের বাসচালক আক্কাস আলী বলেন, সকাল হওয়ায় রাস্তায় গাড়ি ও মানুষের সংখ্যা কম ছিল; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়ছে এবং মানুষ কর্মস্থলে রওনা হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত লকডাউনের পক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়িসহ প্রায় সব পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতার পর বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, দল বেঁধে শ্রমিকরা কারখানার দিকে আসছেন এবং কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই কর্মস্থলে প্রবেশ করছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দেখা গেছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কারখানায় যোগ দিয়েছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক ('কাজ নেই, মজুরি নেই' ভিত্তিতে) ২৯টি কারখানা এবং কর্তৃপক্ষের সাধারণ নোটিশের মাধ্যমে আরও ১০টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে।
চট্টগ্রামে বন্দর-ইপিজেড সচল, তবে মিরসরাইয়ে ১০ কিমি যানজট। ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনে দেড় হাজার ছাত্র-জনতার জীবন কেড়ে নেওয়া পতিত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানোর অংশ হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে। সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও নেই এবং দলের কোনো তৎপরতা চোখে পড়েনি। কর্মসূচি ঘোষণা করলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে স্থানীয়রা জানান, বিগত দেড় দশকের মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন এনেছে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে ভারতের নীলনকশা বাস্তবায়নে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এদিকে, লকডাউনের কোনো প্রভাব না থাকলেও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন; কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের বাসে ওঠা ইব্রাহিম খলিল জানান, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছালেও এখানে যানজটে আটকে পড়ে কতক্ষণ লাগবে তা বুঝতে পারছেন না।
ভারতের প্রক্সি সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগ দিল্লির মদদে লকডাউনের নামে অরাজকতা বা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করলেও জনরোষের ভয়ে মাঠেই নামতে পারেনি দলটির আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত কর্মচাঞ্চল্য, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং রাজপথে সক্রিয় প্রতিরোধে কারণে সারাদেশেই স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে মনে করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন