প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত শ্রমিকরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও মেরামতের জন্য কাজ চলছিল। এই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছাড়াই শ্রমিকরা কাজ শুরু করেন। একসময় অসাবধানতার কারণে ৩৩ কেভি লাইনের খুঁটির সঙ্গে ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শ ঘটে, যার কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়া ৩৩ কেভি লাইনের সম্প্রসারণের কাজ করছিলেন। এই সময় ১১ কেভি লাইনের সঙ্গে সংস্পর্শের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক আখতার হোসেন এই দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। তবে বিষয়টির ব্যাপারে কথা বলার সময় তিনি হঠাৎ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন