প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার ইউক্রেনের উদ্ধারকর্মীরা আংশিকভাবে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জোর তৎপরতা চালান।
এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যখন আরেকটি শীত মৌসুমের মুখোমুখি, তখন দেশটিতে প্রায় প্রতি রাতেই রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের চলমান যুদ্ধ ইতোমধ্যে পঞ্চম বছরে প্রবেশ করেছে।
রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে রাশিয়ার রাতভর হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে আংশিকভাবে ধসে পড়ে। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তকাচেঙ্কো লেখেন, ‘উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন। এতে ডাইমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।’
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন।
তকাচেঙ্কো জানান, রোববার সন্ধ্যায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হন।
রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের সন্ধানে অভিযান চলছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, আবার কারও কাছে পৌঁছানোও যাচ্ছিল না।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস এ হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গণহত্যামূলক যুদ্ধের’ অংশ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্বের আর চোখ ফিরিয়ে রাখার সুযোগ নেই। এই সন্ত্রাসের নিন্দা জানান, রাশিয়াকে জবাবদিহির আওতায় আনুন এবং নিরপরাধ ইউক্রেনীয়দের হত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন।’
এদিকে, ভিশনেভে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
তকাচেঙ্কো বলেন, ‘মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার হামলায় তাদের স্বাভাবিক কেনাকাটার যাত্রা এক মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।’
তিনি আরও জানান, বিলা তসেরকভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাশিয়া দেশের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে।
তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসতে শুরু করায় ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। বিশেষ করে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের ওপর পুতিনের কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত এই সেতুটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন