প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার নিখোঁজ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, তদন্তের ধারাবাহিকতায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়া হয়। পরে, তাকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান পরিচালনা করে পিবিআইয়ের একটি দল। সেখানকার একটি দোকানের সামনে নম্বরপ্লেটহীন অবস্থায় পার্ক করা মোটরসাইকেলটি দেখতে পেয়ে জব্দ করা হয়। উদ্ধারকৃত যানটি নিখোঁজ তাহসিফের বলে দ্বীপ নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের মতে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে ঘটনার রাতে দীপ ও তাহসিফের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তিতে নিশ্চিত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে দীপ পুলিশকে জানিয়েছেন, উত্তরা থেকে দুটি বাইকে চড়ে তারা ঘোরার উদ্দেশ্যে মাজার বস্তি এলাকায় এসেছিলেন। বাইক রেখে তুরাগ নদের কিনারায় যাওয়ার পর তিনি তাহসিফকে হারিয়ে ফেলেন। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাসায় ফিরে যান।
উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, ‘দ্বীপের দেখানো মতে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে কী কারণে তারা এত রাতে এই এলাকায় এসেছিলেন এবং কার কার সঙ্গে দেখা করেছিলেন, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত মূল রহস্য উন্মোচন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে সপরিবারে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার নিখোঁজ মোটরসাইকেলটির সন্ধান মিলছিল না, যা এই হত্যাকাণ্ডে বা মৃত্যুর ঘটনার তদন্তে অন্যতম গুরুত্ব বহন করছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন