প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্রভাবে আঘাত হেনেছে অসময়ের শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়। নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়া সহ উপকূলীয় বিভিন্ন এলাকা তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কারণে অন্তত একজনের মৃত্যু ঘটেছে। এক লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিমান চলাচলেও ব্যাঘাত ঘটেছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঝড়ের প্রভাবে দেশজুড়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়াও, প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে।
ঝড়ের তাণ্ডবে প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে পার্কিং লট দিয়ে হাঁটার সময় গাছ ভেঙে পড়ে এক আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হওয়ার খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পূর্ব উপকূলে কয়েক দিন ধরে তাণ্ডব চালানোর পর ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। নিউ ইয়র্কের মন্তক পয়েন্টে ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মাইল বেগে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। পরে বাতাসের গতি কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইলে নেমে এসেছে।
ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২-এর একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ের কারণে বিভিন্ন সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের কায়াক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে।
সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত ‘নর-ইস্টার’ ঝড়ের প্রবণতা বেশি দেখা যায়। তবে এবার মৌসুমের আগেই শক্তিশালী এই ঝড় আঘাত হানায় পূর্ব উপকূলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কানাডা থেকে আসা শীতল আর্কটিক বাতাস এবং আটলান্টিকের তুলনামূলক উষ্ণ বাতাসের সংঘাতে এ ধরনের শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন