প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের দ্বারা প্রণীত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ছেড়ে যাওয়ার প্রায় ছয় বছর পর, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি) পুনরায় জোটবদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুনর্মিলনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি এই অংশীদারিত্বকে ‘হিন্দু-শিখ সৌহার্দ্যের প্রতিফলন’ হিসেবে উল্লেখ করে নিশ্চিত করেন যে, আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে উভয় দল একসঙ্গে লড়াই করবে।
অমিত শাহ জানান, পাঞ্জাবের বর্তমান সংকট এবং চ্যালেঞ্জগুলো নিয়ে গত তিন মাস ধরে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন এবং শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, “গত তিন মাসে পাঞ্জাবের কৃষকদের সংকট, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে উদ্বেগ এবং তরুণদের কর্মসংস্থানের সমস্যা নিয়ে নিতিন নবীন ও সুখবীর সিং বাদলের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে।” এই আলোচনার ভিত্তিতে পাঞ্জাবে প্রস্তাবিত এনডিএ সরকারের একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজ্যে তথাকথিত জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করার পাশাপাশি মাদকাসক্তি ও দুর্নীতি নির্মূল করাকে এই জোটের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন অমিত শাহ। তাঁর ভাষায়, “আমি একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই—পাঞ্জাব থেকে মাদকের ভয়াবহতা নির্মূল করাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি রাজ্যকে দুর্নীতিমুক্ত করাও অন্যতম প্রধান উদ্দেশ্য।”
২০২০ সালে কৃষি আইন নিয়ে জোট ভেঙেছিল। বিজেপি ও অকালি দলের জোটের ইতিহাস দীর্ঘ, যার সূচনা ১৯৯৬ সালে। তবে নরেন্দ্র মোদি সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ২০২০ সালের সেপ্টেম্বরে এনডিএ জোট থেকে বেরিয়ে আসে অকালি দল। পরবর্তীতে কৃষকদের এক বছরের তীব্র আন্দোলনের মুখে সরকার আইনগুলো বাতিল করতে বাধ্য হয়।
২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে উভয় দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেবার রাজ্যের ১১৭টি আসনের মধ্যে অকালি দল মাত্র তিনটি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করে। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অকালি দল পাঞ্জাবে মাত্র একটি সংসদীয় আসন পেলেও বিজেপি কোনো আসনই জিততে পারেনি।
রাজ্যে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে নিজেদের হারানো রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যেই দল দুটি আবারও একজোট হয়েছে।
আসন বণ্টন ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেছে। জোটের ঘোষণা এলেও আসন বণ্টনের বিষয়টি দুই দলের মধ্যে দর-কষাকষির প্রধান ক্ষেত্র হয়ে উঠতে পারে।
আগের সমঝোতা অনুযায়ী, পাঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে অকালি দল ৯৪টিতে এবং বিজেপি ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করত। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এবার আরও বেশি আসন—সম্ভবত প্রায় ৪৫টি আসন দাবি করতে পারে।
এ ছাড়া নির্বাচনে যৌথভাবে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে কি না, সে বিষয়েও দল দুটিকে সিদ্ধান্ত নিতে হবে। অকালি দলের প্রধান মুখ হিসেবে সুখবীর সিং বাদলের থাকাটা প্রায় নিশ্চিত হলেও, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে বিজেপি এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।
পাঞ্জাব থেকে মাদক নির্মূলে বিজেপির এই কঠোর অবস্থান জোটের জন্য কিছুটা রাজনৈতিক অস্বস্তিও তৈরি করতে পারে। কারণ, অতীতে ক্ষমতায় থাকাকালীন মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা এবং এই সমস্যা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে অকালি দলকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
ফলে আসন্ন নির্বাচনে বিজেপি যেখানে মাদক নির্মূলকে প্রচারণার প্রধান হাতিয়ার করতে চাইছে, সেখানে অকালি দলকে তাদের পূর্ববর্তী শাসনামলের রেকর্ড নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দিতে হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন