প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, রেলওয়ের বহরে ধাপে ধাপে প্রায় ২০০টি নতুন কোচ যুক্ত হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এই কোচগুলো ব্যবহার করে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরনো কোচগুলো প্রতিস্থাপন করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। রেলওয়ের মহাপরিচালক জানান, দেশে আনা নতুন কোচগুলোর একটি অংশ ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে নতুন কোচ দিয়ে একটি নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আরও মোট ২০০টি নতুন কোচ দেশে আসবে। কোচগুলো আসার সঙ্গে সঙ্গে চাহিদার ভিত্তিতে নতুন ট্রেন চালু করা এবং পুরনো কোচগুলো প্রতিস্থাপন করা হবে।
পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কারণ দেশের সব রেললাইন এখনও ব্রডগেজে রূপান্তর করা সম্ভব হয়নি। সব লাইন ব্রডগেজে রূপান্তর হওয়ার পরই কেবল এই রুটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। তাছাড়া এ ধরনের দীর্ঘ রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।’
বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পর্যন্ত রেল সংযোগের ব্যাপারে মহাপরিচালক বলেন, ‘বাংলাবান্ধার ওপারে ভারতের অংশে যদি রেললাইনের সংযোগ না থাকে, তবে শুধু আমাদের অংশে কাজ করে আঞ্চলিক যোগাযোগের সুফল মিলবে না। স্থলবন্দর থাকার কারণে আমাদের অভ্যন্তরীণ চাহিদা হয়তো পূরণ হবে, কিন্তু মূল উদ্দেশ্য অর্থাৎ আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত হবে না। এ বিষয়ে দুই দেশ একমত হলেই কেবল কাজ এগিয়ে নেয়া সম্ভব।’ বর্তমানে বিষয়টি বিবেচনাধীন ও স্থগিত রাখা হয়েছে বলেও তিনি জানান।
রেলওয়ের বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা তদারকির বিষয়ে তিনি আরও জানান, বিভিন্ন স্টেশনের মালামাল ওঠানামার (লোডিং ও আনলোডিং) সুবিধা এবং যাত্রীদের চাহিদা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। যেসব স্থানে চাহিদা বেশি, সেখানে প্রয়োজনে রেললাইন সম্প্রসারণ, লুপ লাইন বাড়ানো কিংবা বেশি সংখ্যক কোচ যুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
পরিদর্শনের সময় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদ হাসান, স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন