প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ষা ইলিশের মৌসুম শুরু হয়েছে। তাই বাজারে সরবরাহ বেড়েছে এবং মাছের সারিতে ঝলমল করছে রুপালি ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।
রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজারে এই চিত্র লক্ষ্য করা গেছে।
সরেজমিন দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।
টাউন হল বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা শাওন জানান, "আমি টাউন হল বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়ে ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। সবারই মনে চায় ইলিশ মাছ খেতে, কিন্তু ইচ্ছা থাকলেও এত দাম দিয়ে কেনার উপায় নেই।"
টাউন হল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন আনোয়ার। তিনি বলেন, "আমার স্বামীকে নিয়ে মাছের বাজারে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘুরলাম। এক এক দোকানে এক এক রকম দাম। পরে এক কেজির একটু বেশি দুটি ইলিশ কিনলাম চার হাজার ২০০ টাকা দিয়ে। বাজারে বেশি কোল্ড স্টোরের মাছ, নতুন তাজা মাছ পাওয়া খুব কঠিন।"
চন্দ্রিমা বাজারে আসা ক্রেতা সাইফুল জানান, "আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটা মাছ কিনলাম। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।"
জেনেভা ক্যাম্প বাজারে এক চাকরিজীবী জানান, "ইলিশের মৌসুমে অন্তত এক দুইবার কিনতে চাই। কিন্তু বর্তমান বাজারে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। দাম বেশি হওয়ায় তাই ইলিশ মাছ কেনা হলো না।"
একই রকম অবস্থা ঢাকা উদ্যান বাজারেও। এক গৃহিণী খাদিজা বেগম বলেন, "বাজারে মাছ অনেক আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না।"
চন্দ্রিমা বাজারের ইলিশ মাছ বিক্রেতা মামুন জানান, "আমার এখানে ছোট আকারের কয়েক ধরনের ইলিশ মাছ রয়েছে। যেগুলোর এক হাজার থেকে শুরু করে এক হাজার ৪৫০ টাকা পর্যন্ত। আমরাও অনেক বড় মাছ ব্যবসায়ী নই, তাই দুই হাজার থেকে দুই হাজার ৫০০ বা দুই হাজার ৮০০ টাকা কেজিতে মাছ এখানে নিয়ে আসব। আমাদের এখানে নিম্ন আয়ের মানুষজনই বেশি আসেন। যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা টাউন হল বাজার বা অন্য জায়গায় চলে যান।"
টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, "আমার এখানে এক কেজি সাইজ এবং তার নিচে আরো দুই সাইজের ইলিশ মাছ রয়েছে। এক কেজি বা তার একটু বেশি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, এক কেজির নিচে সাইজ ভেদে দুই হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এখনো বাজারে তেমনভাবে তাজা ইলিশ মাছ সরবরাহ হয়নি। বাজারের বেশিরভাগ মাছ এখনো কোল্ড স্টোরের।"
সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সাথে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন।
রাজধানীর বিভিন্ন বাজারে দুপুর পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ছিল আক্ষেপের সুর। তাদের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু দাম এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, যেখানে স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফেরা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন