প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের কালিয়ায় তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার পুত্র। অপরদিকে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (২৫ নভেম্বর) অনিক ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায়। এ সময় সে পাশের গ্রাম সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাসের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে রওনা হয়। এরপর থেকে দুই চালক, অনিক ও রিহাদ নিখোঁজ হয়ে যায়। ওই রাতেই গুরুতর অবস্থায় রিহাদকে পেড়লিস্থানের চিত্রা নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রিহাদ অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, তিন দিন পর আজ দুপুরে একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের স্বজন ও জেলা পুলিশ জানান, ভ্যান ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী দুই পরিবারের স্বজনরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সময় সংবাদকে বলেন, ‘দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন নিহতের স্বজনরা।’
প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন