প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এল নিনোর প্রভাবে ইউরোপ মহাবিপর্যয়ের সম্মুখীন হয়েছে। চলতি বছরের গ্রীষ্মে মহাদেশটির বিভিন্ন স্থানে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু ঘটেছে তীব্র গরমের কারণে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, এই মৃত্যুর মধ্যে প্রতি তিনজনের মধ্যে দুজনের জন্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন দায়ী।
গবেষকদের মতে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে অতিরিক্ত গরমের কারণে শহরাঞ্চলে অন্তত ৩২ হাজার মানুষের অকাল মৃত্যু হয়েছে। দিনের বেলায় তীব্র গরমের পাশাপাশি রাতেও তাপমাত্রা না কমায় মানুষের শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ পায়নি।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জলবায়ু ও স্বাস্থ্য বিজ্ঞানী ম্যালকম মিস্ত্রি মন্তব্য করেন, '৮৫৪টি শহর এলাকায় তাপমাত্রাজনিত মৃত্যুর এই সংখ্যা সত্যিই বিস্ময়কর। তবে এর চেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, এসব মৃত্যুর একটি বড় অংশ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।'
গবেষণায় দেখা গেছে, মাল্টা, ইতালি ও হাঙ্গেরিতে গরমে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। তবে মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্য এগিয়ে রয়েছে।
যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী কেটি হোয়াইট বলেছেন, 'এই মর্মান্তিক পরিসংখ্যান প্রমাণ করে যে, জলবায়ু সংকটের কারণে এই গ্রীষ্মে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।'
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির নেপলস শহর। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৮১৫ জন গরমে মারা গেছেন। মৃতদের প্রায় অর্ধেক ৮৫ বছরের বেশি বয়সী হলেও, কম বয়সীরাও ঝুঁকিমুক্ত ছিলেন না। ২০ থেকে ৪৪ বছর বয়সী অন্তত ৮৩৩ জনের মৃত্যু হয়েছে এই গরমে।
চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্যগত জটিলতার পাশাপাশি একাকীত্ব ও দারিদ্র্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
নেপলসের চিকিৎসক মারিও গুয়ারিনো বলেন, 'বর্তমান সময়ে আসল মহামারি হলো একাকীত্ব। গ্রীষ্মের সময় অনেক প্রবীণ মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকেন। আয় কম থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনতে পারেন না, অথবা বিদ্যুৎ বিলের ভয়ে তা চালানো থেকে বিরত থাকেন।'
সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন