প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকটি গঠন করা হয়েছে পাঁচটি ব্যাংককে একীভূত করে, যেগুলো আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়েছে। ব্যাংকটি শুরুতে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে, তবে বড় অঙ্কের করপোরেট আমানত ফিরিয়ে দেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব নয়। ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালে আয় ও মুনাফা থেকে পর্যায়ক্রমে করপোরেট আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা এখনই ঘোষণা করা সম্ভব নয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রোববার (১৫ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, পাঁচটি ব্যাংক স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় ব্যাংকগুলোকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানায় একটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, একীভূতকরণের মূল উদ্দেশ্য ছিল আমানতকারীদের সুরক্ষা দেওয়া। তারল্য সংকটের কারণে এসব ব্যাংকের আমানতকারীরা নিজেদের জমা অর্থ প্রয়োজনের সময় তুলতে পারছিলেন না। এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকগুলোকে ব্যক্তিমালিকানার বাইরে এনে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূত হওয়ার সময় পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ ছিল প্রায় দেড় লাখ কোটি টাকা।
এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে সরকারের পক্ষে জোগান দেওয়া বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, শুরুতে ব্যক্তিগত ও ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে অসুস্থ সন্তান বা জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন করতে হয়—এমন আমানতকারীদের কথা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে ব্যক্তিগত আমানতের বাইরে বিপুল পরিমাণ অর্থ করপোরেট আমানত হিসেবে জমা রয়েছে। এই মুহূর্তে এসব আমানত ফেরত দেওয়ার মতো আর্থিক সক্ষমতা সরকারের নেই।
তার ভাষ্য, ব্যাংকটি এখন রাষ্ট্রের মালিকানায় রয়েছে। ফলে আমানতকারী ও প্রতিষ্ঠানগুলোকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখতে হবে। ব্যাংকটি ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম বাড়াবে, আয় ও মুনাফা করবে। সেই আয় থেকেই পর্যায়ক্রমে বড় অঙ্কের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না।
অন্যদিকে দেশের ব্যাংক খাতে তারল্যের বিপরীতমুখী চিত্র দেখা যাচ্ছে। কিছু ব্যাংকের ঋণ দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের ওপর নির্ভর করে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে বেশ কিছু ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও বিনিয়োগের জন্য উপযুক্ত ও আস্থাশীল গ্রাহক পাওয়া যাচ্ছে না। ফলে এসব ব্যাংকের বড় অংশের অর্থ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হচ্ছে।
আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণ দেওয়ার মতো ভালো গ্রাহকের অভাব রয়েছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রথমত, উদ্যোক্তাদের জন্য স্বল্প ব্যয়ের তহবিল নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রয়োজন। পাশাপাশি যোগাযোগব্যবস্থা ও বন্দরসুবিধার উন্নয়ন করতে হবে। এসব বিষয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ ব্যাংক স্বল্প ব্যয়ের তহবিল নিশ্চিত করতে কাজ করছে। অন্য সুবিধাগুলোও নিশ্চিত করা গেলে বেসরকারি খাত নতুন করে ঋণ গ্রহণ ও বিনিয়োগে আগ্রহী হবে।
তখন ব্যাংকগুলোর হাতে থাকা অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
খেলাপি ঋণ কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার বিষয়েও বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানান আরিফ হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি কিংবা বৈশ্বিক সংকটসহ বিভিন্ন কারণে কিছু গ্রাহক খেলাপি হয়ে পড়েছেন। এসব গ্রাহক যাতে আবার ঋণ গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেন, সে জন্য বিভিন্ন নীতিসহায়তা দেওয়া হচ্ছে। ঋণ পুনঃতফসিল, বিশেষ এককালীন ঋণ পরিশোধ সুবিধা বা ওয়ান-টাইম এক্সিটের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের লক্ষ্য খেলাপি ঋণের চাপ কমানো, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। এর মাধ্যমে উৎপাদন ও বিনিয়োগ বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন