প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচিত প্রেমের ঘটনায়, মিষ্টি আক্তার ও সেনাসদস্য জীবন মিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা অনশনের পর মামলা দায়ের করা হয়েছে। প্রেমিক জীবন মিয়া তার প্রেমিকা মিষ্টি আক্তারকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মামলাটি রুজু করা হয়।
বিয়ের দাবিতে স্থানীয় জনগণের মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধের পর বিভিন্ন সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। এ অবস্থায় প্রেমিকা মিষ্টি আক্তারের বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে, মিষ্টি আক্তারের বাবা খশরু মিয়া অপহরণ, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার সূত্রে জানা গেছে, মামলায় সেনাসদস্য জীবন মিয়াকে প্রধান আসামি করে মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে মিষ্টি আক্তারকে অপহরণ, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, মিষ্টি আক্তার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে এবং তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, জীবন মিয়া উপজেলার তারাটিয়া-পোড়াভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে এবং সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।
মিষ্টির পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে মিষ্টি ও জীবন মিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ১০ সেপ্টেম্বর, জীবন মিয়া মিষ্টি আক্তারকে তার বাড়িতে নিয়ে যায় বিয়ের আশ্বাস দিয়ে। এরপর সেখানে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। মিষ্টি বাড়ি থেকে বের না হওয়ায় তার উপর শারীরিক নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এদিকে, জীবন মিয়া পলাতক থাকায় তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর মিষ্টি ১০ দিন ধরে জীবন মিয়ার বাড়িতে অবস্থান করেন। দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি বলে স্থানীয় সূত্র জানায়। একপর্যায়ে, মিষ্টির নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিয়ের দাবিতে স্বজন ও স্থানীয়রা মানববন্ধন করেন।
পরে ১৫ সেপ্টেম্বর, মিষ্টির পক্ষে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিষ্টির নিরাপত্তা নিশ্চিত করা এবং বিষয়টির আইনগত সমাধানের দাবি জানান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মিষ্টি ও জীবন মিয়ার প্রেমের ঘটনায় মিষ্টির বাবা খসরু মিয়া থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন