প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে। এই ঘটনাটি দেশটির আইন ও বিচারব্যবস্থার ওপর নতুন বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তিকে নারীর প্রতি সহিংসতা হিসেবে চিহ্নিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
দণ্ডিত নারীর নাম এসথার ওয়াঞ্জা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গৃহপরিচারিকা এবং শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়ে তিনি দেশটিতে আসেন। এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। তবে সন্তানের জন্মের পূর্বেই ওই ব্যক্তি সৌদি আরব ত্যাগ করে চলে যান, এমনটাই জানিয়েছেন মুথোনি।
গত মাসে তার বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা করা হয়। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি তার উদ্বেগ প্রকাশ করে বলেন, ১০০ বেত্রাঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভীত। তিনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
সৌদি আরবের শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় নারীরা পুরুষদের তুলনায় বেশি শাস্তির সম্মুখীন হন।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার জানান, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাদের অধিকাংশ ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, তারা সাধারণত বাড়িতে সন্তান জন্ম দেন। কিন্তু হাসপাতালে সন্তান জন্ম দিলে অবিবাহিত নারীদের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। মুথোনির ঘটনাও এভাবেই সামনে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই শাস্তিকে সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ওই নারীকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল।
তিনি বলেন, সৌদি আরবকে আধুনিক ও নারীর ক্ষমতায়নে অগ্রসর দেশ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টার সঙ্গে এ ধরনের শাস্তির কোনো সম্পর্ক নেই।
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে মানবাধিকার সংগঠন আলকিস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংস্কার মূলত ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। বিচারকের বিবেচনার অধীনে এসব অপরাধে বেত্রাঘাতের সাজা বাতিল হলেও ইসলামী আইনের নির্ধারিত শাস্তির আওতাধীন কিছু অপরাধে তা বহাল থাকতে পারে। ব্যভিচার ও মদ্যপানের মতো অপরাধ এর মধ্যে অন্তর্ভুক্ত।
এদিকে সৌদি আরবে নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করতে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের দেশটি সফরের পরিকল্পনা থাকলেও গত সপ্তাহে তা স্থগিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, সফরের সময় নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আলোচনা করার পরিকল্পনা ছিল। সফর দ্রুত আয়োজন করা না হলে অন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়গুলো উত্থাপন করবেন।
এ বিষয়ে সৌদি সরকারের কাছে মন্তব্য চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন