প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অসমাপ্ত কাজ ও স্মৃতি অক্ষুণ্ণ রাখতে যা কিছু করা প্রয়োজন, তা মন্ত্রণালয় করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
প্রধামন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সোমবার (০৬ জুলাই) সকালে বাংলা একাডেমিতে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ বিষয়টি জানান তিনি।
বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক ও চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার সহকর্মী, শিক্ষার্থী, লেখক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষ কর্মস্থল বাংলা একাডেমি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সব জায়গায় ছিল শোক ও শ্রদ্ধার আবহ।
জ্ঞানচর্চা, সাহিত্য সমালোচনা এবং মুক্তবুদ্ধির চর্চায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন উজ্জ্বল নাম। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সকালে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে তার শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেয়া হয়।
বরেণ্য এ শিক্ষাবিদকে শ্রদ্ধা জানাতে সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন, "শিক্ষা-সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাসেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়।"
বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে, অপরাজেয় বাংলার পাদদেশে নেয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আবুল কাসেম ফজলুল হককে বিদায় জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবুল কাসেম ফজলুল হককে শেষ জানাজা দেয়া হয়, পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেন বরেণ্য শিক্ষাবিদকে।
আবুল কাসেম ফজলুল হক গতকাল রোববার হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৮৬ বছর।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে দেশের শিক্ষা-সংস্কৃতির অঙ্গনে গভীর শোক নেমে আসে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন