প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গজারিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে জনবল নেই, ভবেরচরে সেবা প্রদান করছেন অফিস সহায়ক। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সাধারণ মানুষের কাছে সরকারি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে গড়ে ওঠা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক ও কর্মচারীর অভাব এবং ওষুধের অপ্রতুল সরবরাহের কারণে সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উপজেলা এলাকার চারটি ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তিনটিতে জনবলের তীব্র ঘাটতি বিদ্যমান। ফলে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তি ও হতাশার শিকার হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নেই। গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের একমাত্র মিডওয়াইফ সেলিনা আক্তার অন্যত্র দায়িত্ব পালনের জন্য প্রেষণে থাকায় ওই কেন্দ্রটিতে দীর্ঘ সময় ধরে কোনো লোকবল নেই। ভবেরচর ইউনিয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শিরিন আক্তার স্থানীয় কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহের নির্ধারিত দিনে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এদিকে, ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার শারমিন সুলতানা সপ্তাহে একদিন এই কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক মো. মোফাজ্জল হোসাইন রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি জানান, কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে কেন্দ্রে আসছেন না। কেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শিরিন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে বসবাস করেন। ওই কেন্দ্রের মিডওয়াইফ পদ দীর্ঘ সময় ধরে শূন্য রয়েছে। চিকিৎসক শারমিন সুলতানা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন বলে জানিয়েছেন অফিস সহায়ক। তিনি দাবি করেন, শারমিন প্রতি বুধবার ভবেরচর কেন্দ্রে সেবা প্রদান করেন। অন্যদিকে, ইমামপুর ইউনিয়নের রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ওয়াহিদুজ্জামান রণি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কেন্দ্রের মেডিকেল অফিসারের পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। একই কেন্দ্রের মিডওয়াইফ নাজনীন আক্তার ও অফিস সহায়ক মোতালেব মিয়া প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন। রোগীদের একমাত্র অবলম্বন ফার্মাসিস্ট ইসরাত জাহান আঁখি। সম্প্রতি ইসরাত তার শিশু সন্তান নিয়ে কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন।
হোসেন্দী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার প্রতি বুধবার ওই কেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং সপ্তাহের বাকি কর্মদিবসে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন বলে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মো. শহিদুল ইসলাম। হোসেন্দী উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মিজানুর রহমান প্রেষণে অন্যত্র রয়েছেন। ফলে ওই কেন্দ্রে স্বাভাবিক উপায়ে প্রসবের ব্যবস্থা না থাকায় কেন্দ্রটির মিডওয়াইফ রিনা আক্তার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। সেবা প্রার্থীদের অভিযোগ, এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। গ্রাম থেকে সেবা নিতে উপজেলা হাসপাতালে যেতে হচ্ছে। গজারিয়া, ভবেরচর, রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার না থাকায় তৃণমূলের প্রান্তিক জনগণ স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা বৃদ্ধা সখিনা বেগম বলেছেন, ‘আমি নিয়মিত এ কেন্দ্রে সেবা নিতে আসি। কিন্তু ডাক্তার না থাকায় অন্য রোগের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা হাসপাতাল অথবা দূরে কোথাও যেতে হয়। গরিব হওয়ায় অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই।’ রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। ওই কেন্দ্রে সেবা নিতে আসা বাঘাইয়া কান্দি গ্রামের স্বপন মিয়া জানিয়েছেন, এখানে বড় ডাক্তার নেই। তাই একটু জটিল রোগ হলে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা হাসপাতালে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফুলদী নদী দ্বারা বিচ্ছিন্ন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে অনেকাংশে অকার্যকর বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ কেন্দ্রের নিজস্ব কোনো লোকবল না থাকায় ভবেরচর কেন্দ্রের একজন স্টাফ দিয়ে সেখানে কোনোরকমে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপস্বাস্থ্যকেন্দ্রটিতে দীর্ঘদিন কোনো চিকিৎসক নেই। একজন দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট এসে কিছুক্ষণের জন্য তালা খোলেন এবং নামমাত্র কিছু ওষুধ বিতরণ করে আবার বন্ধ করে দেন। দিনমজুর আয়নাল মিয়া বললেন, 'কোনো অসুখ হলে আমাদের নদী পার হয়ে সদর বা ভবেরচর হাসপাতালে যেতে হয়। পথে রোগী মরার অবস্থা হয়। সরকারি হাসপাতালে যদি ডাক্তার না থাকে, তবে এই হাসপাতাল করার দরকার কী ছিল?'
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলাইমান সুজন জানিয়েছেন, বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হবে। সার্বিক বিষয়ে জানতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলিমা আফরোজার মোবাইল ফোনে কল করে তাকে পাওয়া যায়নি। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বললেন, ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানাতে পারব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন