প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার কারণে ৩৯ বছর বয়সি জহিরুল শিকদার নামক এক যুবককে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।
জহিরুল শিকদার ওই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। ঘটনার পরপরই আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাসাইল গ্রামের জহিরুল শিকদারের সঙ্গে একই গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বুধবার সকাল প্রায় ১১টার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এই বিষয়টি মীমাংসা করে দেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, ওই ঘটনার পরেই বুধবার গভীর রাতে জহিরুল শিকদারকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির পাশের সড়কে তাঁর মরদেহ পাওয়া যায়।
এই ঘটনার পর নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিন্টু শিকদারকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে একজন হত্যা মামলা দায়ের করেছেন আগৈলঝাড়া থানায়।
নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেছেন, বুধবারের ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু রাতে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী সিন্টু শিকদার (২২) এবং জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন