প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে বসবাসরত অনেকেই ফ্যাসিবাদের চরিত্র বহন করছেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, "আমরা ফ্যাসিবাদীদের এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে বসে আছে।"
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "কোনো অবস্থাতেই গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।" তিনি বলেন, ফ্যাসিবাদের চরিত্র বহনকারী যারা গোপনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় লিপ্ত, তাদের প্রশাসনের দায়িত্ব হলো নিবৃত্ত করা, আইনের আওতায় আনা, বিচারের সম্মুখীন করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, "বহু লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে অনেকের জীবনের আত্মাহুতি, অনেকে শহীদ হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন। ৫ আগস্টে ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে শহীদ জিয়ার লক্ষ্য, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে পুনঃপ্রতিষ্ঠা করার সূচনা করতে পেরেছি।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, "আমরা মাঝে মাঝে তার কিছু আলামত দেখছি। জনজীবন অস্থিতিশীল করা, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায়ও কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা সারাদেশের মানুষকে উদ্বিগ্ন করেছে।"
তিনি বলেন, "আমরা জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা এই ব্যাপারে জনগণের পক্ষে সজাগ আছি। গণতন্ত্র ব্যাহত হবে-এই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করতে দেওয়া হবে না।"
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সরকার নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সক্রিয় অবস্থান নেবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন