প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টিভি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর একটি চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের এ সিরিয়ালের ‘আবু বকর’ চরিত্রটি ভারত এবং বাংলাদেশের দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, আবু বকর তার স্ত্রীকে ভালোবাসা, সম্মান এবং ছোট ছোট যত্নের মাধ্যমে আগলে রাখেন।
স্ত্রীর অতীত সম্পর্কে তিনি কোনো প্রশ্ন তোলেন না, এবং রাগের মুহূর্তেও ধৈর্য হারান না। ভারতের নারী দর্শকরা এই জীবনসঙ্গীর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন— বাস্তব জীবনে এমন একজন সঙ্গী পেলে তাদের ভালো লাগতো।
পাকিস্তানের খ্যাতনামা চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক উমেরা আহমেদ দ্বারা রচিত ‘দার–এ–নিজাত’ সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান। থ্রিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে এই সিরিয়ালটি।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে গত ১ আগস্ট থেকে এই সিরিয়ালটি সম্প্রচার শুরু হয়। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হওয়ার পর সামাজিক মাধ্যমে এর ভিডিও ক্লিপগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং মন্তব্যের ঘরগুলো মুহূর্তেই সরগরম হয়ে ওঠে।
এ উম্মাদনা কেবল পাকিস্তানেই সীমাবদ্ধ নয়; ভারত, বাংলাদেশ, দুবাই এবং মালদ্বীপের দর্শকরা এই সিরিয়ালে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে আবু বকর চরিত্রটি সবার মন জয় করেছে।
‘দার-এ-নিজাত’ সিরিয়ালের কাহিনীতে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন এবং বিশ্বাসঘাতকতা ফুটে উঠেছে। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু তিনটি চরিত্র— জারিয়াব, জামিল এবং আবু বকর। আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। তার বিপরীতে জারিয়াব চরিত্রে আছেন দুরে ফিশান সেলিম এবং জামিল চরিত্রে অভিনয় করছেন নওয়াজ খান।
এই তিন চরিত্রের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়। জারিয়াবের জীবনে একসময় ছিল তার শৈশবের বন্ধু জামিল। জামিলকে ভালোবেসে জারিয়াব নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিতে দ্বিধা করেননি। কিন্তু একসময় জামিল ধর্মের প্রতি অনুরাগী হয়ে জারিয়াবের পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তুলতে শুরু করেন। পরে জামিল অন্য একজনকে বিয়ে করেন। অন্যদিকে, আবু বকরের সঙ্গে জারিয়াবের বিয়ে হয়। কিন্তু অতীতের সম্পর্কের ক্ষত ও হতাশা সহজে কাটিয়ে উঠতে পারেন না তিনি।
নতুন সংসারে কখনো রাগ করেন, কখনো আবু বকরকে কষ্ট দিয়ে কথা বলেন জারিয়াব। তবে আবু বকর স্ত্রীর এমন আচরণের জবাবে রাগ দেখান না। বরং তিনি বোঝার চেষ্টা করেন, জারিয়াবের মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো।
আবু বকর জারিয়াবের স্বপ্নের প্রতিও যত্নশীল। স্ত্রীর পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য তাকে হার্ভার্ডে ফিরে যাওয়ার উৎসাহ দেন। এমনকি জারিয়াব উদ্বেগে ভেঙে পড়লেও আবু বকর তার হাত ধরে পাশে থাকেন।
শেহরিয়ার মুনাওয়ারের অভিনয় চরিত্রটির জনপ্রিয়তার পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে। অতিরিক্ত আবেগ কিংবা নাটকীয়তা নয়, বরং চোখের ভাষা, মৃদু হাসি এবং কোমল অভিব্যক্তিতে তিনি চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। আবু বকরের ভালোবাসার প্রকাশও বেশ সাধারণ। শুধু ভালোবাসা নয়, স্ত্রীর জন্য বাড়তি একটি টফি নিয়ে আসা, রাগ করে ছুড়ে ফেলা মুঠোফোনটি তুলে দেওয়া কিংবা তার জুতা গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজেই প্রকাশ পায় যত্ন।
আবার কখনো স্ত্রীর সাজপোশাকের প্রশংসা করেন, কানে দুল পরতে সাহায্য করেন। বিদায়ের সময় স্নেহভরে চুলে হাত বুলিয়ে দেওয়া কিংবা ভুল বুঝতে পেরে অহংকার না করে ক্ষমা চাওয়ার দৃশ্যগুলোও দর্শকদের মন ছুঁয়েছে।
‘দার-এ-নিজাত’ সিরিয়ালে আবু বকরের প্রতি দর্শকদের মুগ্ধতার কারণ স্পষ্ট। সম্পর্কের ক্ষেত্রে নারীরা অনেক সময় সঙ্গীর রাগ, অভিমান এবং মন-মেজাজ সামলে চলেন। নিজের চাওয়া-পাওয়ার চেয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয় তাদের। সেখানে আবু বকরের মতো একজন পুরুষ চরিত্র দর্শকদের সামনে ভিন্ন এক সম্পর্কের ছবি তুলে ধরেছেন। যেখানে ভালোবাসার সঙ্গে রয়েছে সম্মান, যত্নের সঙ্গে রয়েছে বোঝাপড়া, এবং সম্পর্কের মধ্যে নেই নিয়ন্ত্রণের চেষ্টা।
‘দার-এ-নিজাত’-এর দর্শকরা আবু বকরের মধ্যে খুঁজে পেয়েছেন এমন একজন সঙ্গীকে, যিনি কঠিন সময়েও পাশে থাকেন, অতীত নিয়ে বিচার করেন না এবং ছোট ছোট বিষয়েও ভালোবাসার প্রকাশ ঘটান। ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসা, সম্মান এবং মানসিক নিরাপত্তার প্রত্যাশা সবারই এক। সম্ভবত এ কারণেই ‘দার-এ-নাজাত’-এর আবু বকর পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতসহ বাংলাদেশের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন