প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর অতিক্রম করেছে। ২০১২ সালের ২৪ নভেম্বর রাতের সেই আগুনের ফলে ১১২ জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন আরো অনেকে। যারা বেঁচে ফিরেছেন, তাদের মধ্যে অনেকেই আজও শরীরে ক্ষত এবং মনে সেই রাতের স্মৃতি নিয়ে বেঁচে আছেন। চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি এখনো পুরোপুরি পূরণ হয়নি। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, বিচারও শেষ হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ফ্যাশনসের সামনে নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানাতে স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় আহত শ্রমিকরা তাদের দুর্ভোগ ও বেঁচে থাকার সংগ্রামের কথা তুলে ধরেন।
২০১২ সালের ওই রাতে আগুন মুহূর্তেই ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক শ্রমিক জানালা দিয়ে লাফিয়ে পড়েন, অনেকে আগুন ও ধোঁয়ার মধ্যে আটকা পড়েন। এক রাতেই অসংখ্য পরিবার তাদের উপার্জনক্ষম স্বজনকে হারায়।
১৪ বছর পরও অনেক আহত শ্রমিক শারীরিকভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, কেউ দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেও প্রত্যাশিত সমাধান পাননি তারা। নিরুপায় হয়ে কেউ কেউ গত বছরের ২৩ নভেম্বর থেকে তাজরীন ফ্যাশনসের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিয়েছেন। সেখানে পর্যাপ্ত পানি, বিদ্যুৎ বা শৌচাগারের ব্যবস্থা নেই। তবু পুনর্বাসন না হওয়া পর্যন্ত ভবন ছাড়তে তারা নারাজ।
আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, "১৪ বছর ধরে তারা আন্দোলন করছেন, কিন্তু আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি। ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনে দিন কাটছে।" তিনি সরকারের কাছে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান।
কোমরের হাড় ভেঙে কর্মক্ষমতা হারানো শ্রমিক সবিতা রানি বলেন, "আগুন লাগার পরও কারখানার ব্যবস্থাপকের পক্ষ থেকে শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। পরে ধোঁয়া ছড়িয়ে পড়লে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন তিনি।" ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হওয়ার পর থেকে পঙ্গুত্বের জীবন কাটছে তার। চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সুমনা আক্তার বলেন, "ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তায় আছি। কোনো কর্মসংস্থান বা সরকারি সহযোগিতাও নাই।"
সালমা জানান, "তারা বিলাসী জীবন চান না, শুধু সন্তানদের নিয়ে দুবেলা খেয়ে সম্মানের সঙ্গে বাঁচতে এবং নিরাপদ আশ্রয়ে ফিরতে চান।"
রুমা আক্তার বলেন, "পুনর্বাসনের পাশাপাশি চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসার দায়িত্বও নিশ্চিত করতে হবে।"
আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, ১৪ বছরেও দায়ীদের বিচার শেষ হয়নি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, "আহত অনেক শ্রমিক এখনো শারীরিক জটিলতা ও মানসিক ট্রমায় ভুগছেন, অথচ প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়নি।" কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের বিচার দীর্ঘদিন ঝুলে আছে। দ্রুত বিচার শেষ করে সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মো. খুরশেদ আলম বলেন, "অতীতে দেওয়া সামান্য ক্ষতিপূরণ দিয়ে আহতদের জীবন চালানো সম্ভব হয়নি। যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও স্থায়ী পুনর্বাসন করতে হবে।"
১৪ বছর পরও পোড়া ভবনটি সেই রাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্তদের কাছে তাজরীন ট্র্যাজেডি শুধু অতীতের দুর্ঘটনা নয়; ন্যায়বিচার, চিকিৎসা, ক্ষতিপূরণ ও সম্মানজনক জীবনের জন্য এটি প্রতিদিনের সংগ্রাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন