প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার পলাশবাড়ীতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযুক্ত শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ আদালত দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চার দিনের রিমান্ড শেষে হরিদাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে এম রাকিবুল হুদা আসামি হরিদাসকে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানান।
তদন্ত কর্মকর্তা তাঁর আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানান যে, তার ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাবে জমা হওয়া অর্থ লেনদেন ও স্থানান্তরের বিষয়ে তথ্য প্রদান করেছেন, বর্তমানে যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামির জামিন হলে তদন্ত বিঘ্নিত হতে পারে, এমন মর্মে আবেদন করা হয়।
অপর দিকে, হরিদাসের আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের জন্য আবেদন জানান। এই সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
শুনানির সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আসামির পেশা সম্পর্কে জানতে চাইলে, হরিদাস নিজেকে চাল ও ডালের ব্যবসায়ী বলে পরিচয় দেন। তিনি আদালতকে জানান, তার ব্যবসার লাইসেন্স রয়েছে এবং এলাকার একটি মন্দিরকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৩ জুলাই আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এই মামলার বিবরণ থেকে জানা গেছে, শ্রী হরিদাস চন্দ্র একজন সাধারণ ব্যবসায়ী হলেও অভিযোগ রয়েছে যে, তিনি হুন্ডি ও মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি এমএফএস হিসাবে সন্দেহজনক উৎস থেকে মোট ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা হয়েছে। অপরাধলব্ধ এই অর্থের লেনদেন ও হস্তান্তরের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন