প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারানো ব্যবসায়ী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে ঢেউটিন, চাল, শীতবস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা বিতরণ করা হয়।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল এবং শীতবস্ত্রও প্রদান করা হয়েছে। বিতরণ কর্মসূচির আওতায় একটি মন্দিরসহ মোট ২২টি ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য ৪৪ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা পাওয়া ২১টি পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন, সুদেব মজুমদার, বাদশা হাওলাদার, খাদিজা বেগম, আবুল কালাম গাজী, তপন মিস্ত্রী, মো. জিয়াউল, রুবেল হাওলাদার, আব্দুল হাই শেখ, ধীরেন শীল, পরিমল মিস্ত্রী, ইউনুস গাজী, প্রণব সাধক, মো. কামাল হোসেন, মাসুম হাওলাদার, খালেক ফকির, জাকির হোসেন, মনতোষ হালদার, সাথী আক্তার, মো. রফিক সিকদার, তানবীর এবং মাহফুল ফকির।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, রুদ্রপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এটি উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন। কেউ বসতঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন