প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা মন্তব্য করেছেন যে, ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পূর্বে সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির মাধ্যমে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন।
সোফিয়া কুতেপোভার মতে, সংঘাতের সূচনার আগে সামরিক ও রাজনৈতিক প্রস্তুতির পাশাপাশি প্রচারণার যে মাত্রা দেখা গিয়েছিল, তা বড় ধরনের সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। সংঘাত শুরু হওয়ার ঘটনায় রাশিয়া গভীরভাবে মর্মাহত হয়েছিল বলেও তিনি জানান।
ইরানের সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, সংঘাতের পর ইরান নিজেকে একটি শক্তিশালী ও স্থিতিস্থাপক রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র ইরানকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষেত্রে সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে সোফিয়া কুতেপোভা তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, পাঠক ও দর্শকদের সঠিক তথ্য প্রদান করতে সাংবাদিকদের প্রতিটি তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
রুশ দূতাবাসের প্রেস সেক্রেটারি জানান, দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি রাশিয়ার একটি সংবাদমাধ্যমে কাজ করেছেন। নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে সাংবাদিকতায় সত্য ও তথ্য যাচাইকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন