প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ৩১ অক্টোবর, ২০২৬ : সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় ভেটখালী-কৈখালী মাদার নদীর ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো জেলে, বাওয়ালি এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে হাজার হাজার পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ এবং মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে ও বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা এ সময় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। তারা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন।
এ সময় জেলেদের পক্ষে বক্তব্য দেন, বাঘের সঙ্গে লড়াই করে জেলেদের উদ্ধার করে আনা ব্যক্তি আব্দুল গণি ওরফে টাইগার গণি, জেলে শফিকুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আক্তার হোসেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী জেলে ও বাওয়ালিরা এ সময় নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন