প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় বাস এবং প্রাইভেট কারের সংঘর্ষের পর একের পর এক ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সড়কে চলন্ত অবস্থায় থাকা আরো চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন