প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জমিজমা নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম সাব্বির মোর্শেদ শিশির মোল্লা, যিনি শিশির বাবু নামে পরিচিত (৪০)। তিনি উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের ড্রামার ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশির বাবু ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ আলমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি, প্রতিপক্ষের লোকজন ৩২ শতক জমি লিখে দিয়ে সেই বিরোধ মীমাংসা করেন।
ওই ৩২ শতক জমি নিয়েই মোর্শেদ আলমের বড় ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে তার ছোট ভাই শিশিরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। নিহত বাবুর স্ত্রী লিজা বেগম অভিযোগ করেন, “আমার স্বামীকে বড় ভাই বিপুল বেধড়ক মারধর করেছেন। এক পর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাধা দেন তিনি।”
পরে, স্বজনরা শিশির বাবুকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশুকন্যাকে নিয়ে অসহায়ত্বের কথা প্রকাশ করে লিজা বেগম বলেন, “আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।”
এ বিষয়ে শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জহিরুল ইসলাম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন