প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি মার্কেটের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট বাবুল মিয়া নামের এক ক্রেতা আইয়ুব-হিলটপ সুপার মার্কেট থেকে দুই প্যাকেট দুধ ক্রয় করেন। পরের দিন একটি প্যাকেটের দুধ শিশুকে খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুধের প্যাকেট পরীক্ষা করার পর তিনি দেখতে পান, পণ্যটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
বিষয়টি জানিয়ে ১৬ আগস্ট মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অভিযোগ করেন ওই ক্রেতা। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায়। এ সময়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
আইয়ুব-হিলটপ সুপার মার্কেটের মালিক আইয়ুব তুষার বলেন, তিনি প্রশাসনের অভিযানকে স্বাগত জানান। মার্কেটে সরবরাহ করা কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া ও অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি চেম্বার অব কমার্সকেও জানানো হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে সম্পর্কে আরও সতর্কতা নেওয়া হবে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংসের জন্য সদর উপজেলার শ্রীপুর পৌরসভার ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন