প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের ইতিহাসচর্চায় বিশেষ করে ১৪ খণ্ডে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া প্রকাশের প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলামকে ‘ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক ২০২৬’ প্রদান করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসিটি।
আজ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলামের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
‘ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ডের’ সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সোসাইটির সম্পাদক ও ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং অধ্যাপক সিরাজুল ইসলামের ওপর সম্মাননাপত্র পাঠ করেন।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. সাজাহান মিয়া, ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ডালিয়া আহমেদও অনুষ্ঠানে সুধীজনের পক্ষ থেকে বক্তব্য দেন।
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, "এশিয়াটিক সোসাইটিতে আমার ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল অধ্যাপক সিরাজুল ইসলামকে সম্মানিত করা। আজ আমার এ স্বপ্নটি পূরণ হলো। আজকের অনুষ্ঠানটি জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও দলমতের ঊর্ধ্বে থেকে এশিয়াটিক সোসাইটির মাধ্যমে গুণীজনদের সম্মানিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।"
প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ মন্তব্য করেন, "অধ্যাপক সিরাজুল ইসলাম একজন কৃতী শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় এবং গবেষক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।"
তিনি আরও বলেন, "অধ্যাপক সিরাজুল ইসলাম সবার শ্রদ্ধার পাত্র এবং অনেক আগেই তার এ ধরনের সম্মাননা রাষ্ট্রীয় পর্যায় থেকে পাওয়া উচিত ছিল। গুণীজনকে সম্মানিত না করলে জ্ঞাননিনর্ভর সমাজ ও দেশ সৃষ্টি হবে কীভাবে? এশিয়াটিক সোসাইটি তাকে সম্মানিত করে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে।" অধ্যাপক সিরাজুল ইসলামকে স্বর্ণপদক পাওয়ায় অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, শিক্ষাবিদ, গবেষকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন