প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে বিবেচনা করছেন।
তিনি উল্লেখ করেন, সরকারপ্রধানের এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি আরও বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো সম্ভব হয়নি। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত যা করতে পারেনি, বিএনপি তা সফলভাবে সম্পন্ন করেছে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও মিষ্টির ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হয়নি। প্রধানমন্ত্রী এভাবে বিষয়টি মোকাবিলা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ ঘটনার তদন্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে এমন কোনো তথ্য থাকতে পারে, যা সবার জানা নেই এবং যার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার রাজনৈতিক এখতিয়ারও তার রয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনা গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন এবং পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেন।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। হানিফ মিয়া অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে, তবে মিষ্টি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, মামলায় এরই মধ্যে পুলিশের হাতে কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
পদত্যাগের নির্দেশ, এরপর আসন শূন্য
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পরে সংসদ সচিবালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন