প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার তথ্য গোপনসংক্রান্ত ফৌজদারি মামলাটি ফেডারেল আদালতে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ফেডারেল আপিল আদালত ট্রাম্পের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ের কর্মকাণ্ডের জন্য সাংবিধানিক দায়মুক্তির যুক্তি তুলে ধরে দণ্ডাদেশ বাতিলের চেষ্টা করার সুযোগ প্রদান করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এবিসি নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানায়। সোমবার (২৩ নভেম্বর) দ্বিতীয় মার্কিন সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল এ আদেশ জারি করে।
আদালত নিউইয়র্কের একটি নিম্ন আদালতের পূর্বের সিদ্ধান্ত বাতিল করে ট্রাম্পের মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন নতুন করে বিবেচনার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলাটি স্থানান্তরের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য আদালতে পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নিউইয়র্কের রাজ্য আপিল আদালতে ট্রাম্পের দণ্ডাদেশের বিরুদ্ধে চলমান আপিল প্রক্রিয়াও আপাতত থেমে থাকবে।
গত আগস্টে জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেইন ট্রাম্পের মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন নাকচ করেছিলেন। বিচারক বলেছিলেন, কোনো পর্নো অভিনেত্রীকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়া বা বিব্রতকর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রেসিডেন্টের সাংবিধানিক দায়মুক্তির আওতায় পড়ে না। উল্লেখ্য, হেলারস্টেইন গত মাসে মারা যান।
আপিল আদালত জানায়, কোনো ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে রাজ্য আদালতে ফৌজদারি মামলায় দণ্ড ঘোষণার পরও সেটি ফেডারেল আদালতে স্থানান্তরের সুযোগ থাকতে পারে। এছাড়া দ্বিতীয়বার মামলাটি স্থানান্তরের আবেদন করার যথাযথ কারণ ছিল না বলে জেলা আদালতের সিদ্ধান্তটিও ভুল ছিল।
এ রায়ের ফলে ট্রাম্প তৃতীয়বারের মতো মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন করার সুযোগ পাচ্ছেন। সেখানে তিনি যুক্তি দিতে পারবেন যে, মামলার বিচারপ্রক্রিয়ায় তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ের কিছু কর্মকাণ্ডের তথ্য ব্যবহার করা হয়েছিল, যা সাংবিধানিক দায়মুক্তির আওতায় পড়ে। তবে আপিল আদালতের এ আদেশে ট্রাম্পের দণ্ডাদেশ বাতিল হয়নি; মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তর করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।
২০২৪ সালের মে মাসে নিউইয়র্কের ম্যানহাটনের একটি জুরি ট্রাম্পকে ৩৪টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল। ওই অর্থ পরিশোধের তথ্য গোপন করতে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক বা ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। তবে ২০২৪ সালের নির্বাচনে জয়ের পর ২০২৫ সালের জানুয়ারিতে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এতে তাঁর কারাদণ্ড বা জরিমানা হয়নি, তবে দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল থাকে।
ট্রাম্প মামলায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীরা যুক্তি দিয়েছেন, ২০২৪ সালে মার্কিন সুপ্রিম কোর্টের দেওয়া প্রেসিডেন্টের দায়মুক্তিসংক্রান্ত রায়ের আলোকে মামলাটির বিচারপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন