প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ এর উদ্বোধন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন, "কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।" আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, জবাবদিহিতা এবং সব রাষ্ট্রের মতামত ও স্বার্থের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
তিনি আরও বলেন, "মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব, আলোচনা ও ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" উপাচার্য আশা প্রকাশ করেন, ডেলিগেটরা শুধুমাত্র বক্তব্য ও প্রস্তাব উপস্থাপনে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সমাধান অনুসন্ধানে মনোযোগী হবেন। তিনি অংশগ্রহণকারী ডেলিগেটদের প্রতি আহ্বান জানান, "আপনারা যথাযথ প্রস্তুতি নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান, এবং নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই সম্মেলনে পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেগমেন্টগুলো হলো- নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন। তরুণদের সুনাগরিকত্ব বিকাশে কূটনীতি, বিতর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের মতো বিষয়গুলো অনুশীলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, ‘Recasting the Global Order Amied Rising Power Asymmetries’।
সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম থাকবে, যার মধ্যে রয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস। অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হবেন এবং সমসাময়িক বিশ্ব রাজনীতির নানাবিধ বিষয়ে বিতর্ক ও আলোচনা করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন