প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে, প্রেক্ষাগৃহের সেই হতাশা কাটিয়ে সিনেমাটি এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। এইচবিও ম্যাক্সে মুক্তির পরপরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। বর্তমানে, বিশ্বের ৫৭টি দেশে প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ গত ১৩ নভেম্বর এইচবিও ম্যাক্সে মুক্তি পায়। মুক্তির পর দ্রুতই বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লিক্সপ্যাট্রোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশে এটি সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় রয়েছে। কয়েকটি দেশে মুক্তির দিন থেকেই শীর্ষস্থান ধরে রেখেছে অ্যান হ্যাথাওয়ে ও ইউয়ান ম্যাকগ্রেগর অভিনীত ছবিটি।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ডাইনোসরকেন্দ্রিক অ্যাডভেঞ্চার নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে, ছবিটি শুধুমাত্র ডাইনোসরের সঙ্গে লড়াই কিংবা রোমাঞ্চকর ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং, গল্পের ভেতর দিয়ে পরিবার, সম্পর্ক ও নিরাপদ আশ্রয়ের ধারণা উঠে এসেছে। যে বাড়িকে মানুষ সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে, সেটিই হঠাৎ কীভাবে ভয়ংকর বিপদের উৎস হয়ে উঠতে পারে, তা-ই দেখিয়েছেন নির্মাতা ডেভিড রবার্ট মিচেল।
১৯৮২ সালের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি শান্ত শহরতলিতে প্ল্যাট পরিবার বসবাস করে। পরিবারের কর্তা গ্রেগের চরিত্রে অভিনয় করেছেন ইউয়ান ম্যাকগ্রেগর। তাঁর স্ত্রী ডেনিসের ভূমিকায় অ্যান হ্যাথাওয়ে। তাঁদের দুই সন্তান অড্রে ও ব্রায়ানের চরিত্রে রয়েছেন মেইজি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি।
বাইরে থেকে পরিবারটির জীবন স্বাভাবিক মনে হলেও ভেতরে জমে আছে নানা অস্বস্তি। ডেনিস নিজের জীবন নিয়ে অতৃপ্ত, সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন গ্রেগ। অন্যদিকে, সহপাঠীদের সঙ্গে মানিয়ে নিতে পারছে না দুই সন্তান। কিন্তু এক সকালে ঘুম থেকে উঠে তারা দেখে, তাদের পুরো আবাসিক এলাকা যেন ফিরে গেছে প্রাগৈতিহাসিক যুগে। চারপাশে এখন ডাইনোসরের রাজত্ব। মুহূর্তেই বদলে যায় তাদের জীবনের হিসাব-নিকাশ। পারিবারিক টানাপোড়েনের চেয়ে বড় হয়ে ওঠে প্রাণ বাঁচানোর লড়াই।
এর আগে ‘ইট ফলোজ’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন নির্মাতা ডেভিড রবার্ট মিচেল। হরর ঘরানার সেই সিনেমার পর এবার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এ বড় পর্দার রোমাঞ্চ ও পারিবারিক আবেগকে একসঙ্গে মিশিয়েছেন তিনি। মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। রটেন টম্যাটোজে সমালোচকদের ৮৬ শতাংশ ইতিবাচক রেটিং পেয়েছে সিনেমাটি।
তবে, সমালোচকদের প্রশংসা বক্স অফিসে সাফল্যে রূপান্তরিত হয়নি। প্রায় ৮ কোটি ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ১২ কোটি ১৬ লাখ ডলার। হলিউডের বক্স অফিসের হিসাব অনুযায়ী, প্রেক্ষাগৃহের আয় থেকে নির্মাণ ব্যয়ের পাশাপাশি বিপণন ও পরিবেশনার খরচও উঠে আসতে হয়। সে কারণে সিনেমাটি লাভের মুখ দেখেছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রেক্ষাগৃহে মুক্তির ৩০ দিনেরও কম সময়ের মধ্যে সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসে ওয়ার্নার ব্রাদার্স। এরপর এইচবিও ম্যাক্সে মুক্তির মাধ্যমে নতুন করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে ছবিটি। প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও স্ট্রিমিংয়ে অ্যান হ্যাথাওয়ের এই ডাইনোসর-অ্যাডভেঞ্চার যে নতুন জীবন পেয়েছে, ৫৭টি দেশের শীর্ষস্থান দখলই তার প্রমাণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন