প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ রেলওয়ের ট্রেড এপ্রেন্টিস পদে নিয়োগের দুর্নীতির মামলায় আদালত দুই কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেছেন। সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ রায় সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান দ্বারা প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মো.এনামুল ইসলাম জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রেলওয়ের ট্রেড এপ্রেন্টিস পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজি ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেন।
জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) ট্রেড এপ্রেন্টিস ৪০০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই পদে ৩৮,৩১৭ জন আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর ৮,১৩৯ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজি ও পরিবর্তনের মাধ্যমে কিছু প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।
অনুসন্ধানে আরও জানা যায়, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও মাত্র পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এর আগে রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজি ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন