প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলার বোরহানউদ্দিনে দুই দিন নিখোঁজ থাকার পর মো. ইসমাইল (৬) নামে এক শিশুর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিশু ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। আটক যুবক মো. রোকন ওই এলাকার মো. নান্নুর সন্তান।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে ইসমাইল বাসা থেকে পাশের হাওলাদার মার্কেটের দোকানের কাছে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দুই দিন ধরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে খালের ভেতর ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করার পর সেখানে নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ দেখতে পায়।
শিশু ইসমাইলের চাচা মো. সৈকত ইসলাম বাবু জানান, ইসমাইলের বাবার সঙ্গে একই এলাকার রোকন নামে এক যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে সমস্যা ছিল। এর সূত্র ধরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়েছিল, "তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি।" এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া শিশুর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় রোকন নামে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং স্বজনরা মামলা করলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন