প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়, ২ নভেম্বর ২০২৬ : জলঢোঁড়া সাপের পরিচিত রং সাধারণত বাদামি ও কালচে হয়ে থাকে। তবে পঞ্চগড়ের বোদায় একটি অস্বাভাবিক জলঢোঁড়ার দেখা মিলেছে। সাপটির শরীর জুড়ে স্বাভাবিক রঙের ছোপ নেই। বরং হলদেটে-সাদা বর্ণে এটি আলাদা করে নজর কাড়ছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামের বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এই রঙের পরিবর্তন ঘটেছে।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম সম্প্রতি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করেন।
এই সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক (Checkered keelback) হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এর শরীরে বাদামি ও কালচে ছোপ থাকার কথা, কিন্তু অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে।
অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং এটি প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।
উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না। সাপটির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসে কি না, তা কয়েকবার খোলস বদলানোর পর পর্যবেক্ষণ করা হবে। এরপর উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন